সুনামগঞ্জের শাল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, এলাকায় অস্থিরতা ও চাঞ্চল্যকর পরিবেশ
- আপডেট সময়ঃ ১১:২১:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৬৭ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।।৩১ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে মন্নার মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মন্নার মিয়া ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে এবং স্থানীয় ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার পক্ষের কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজগাঁও গ্রামের আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী এবং ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রউফ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বিরোধপূর্ণ একটি জায়গায় রউফ মিয়ার লোকজন বেড়া দিতে গেলে আজব আলীর সমর্থকরা তা বাধা দিয়ে তুলে ফেলতে যান। এর জেরে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে রউফ মিয়ার পক্ষের সমর্থক মন্নার মিয়া গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বলেন, “আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলীর লোকজনের সঙ্গে কৃষকদল নেতা রউফ মিয়ার লোকজনের সংঘর্ষে আমাদের দলের কর্মী মন্নার মিয়া নিহত হয়েছেন।”
এদিকে সংঘর্ষের পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের বা কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।










