রাজনীতি
এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ
- আপডেট সময়ঃ ০৮:৪৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।।৩১ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে এক ঠিকাদারের আনা চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, সড়ক সংস্কারের নামে চলমান অনিয়ম ও লুটপাট ধরা পড়ায় সংসদ সদস্যের বিরুদ্ধে ভিত্তিহীন অপবাদ দেওয়ার অপচেষ্টা চলছে।
বক্তারা দুর্নীতির খতিয়ান তুলে ধরে জানান, সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের ৫ কিলোমিটার সংস্কার ও দুটি সেতু নির্মাণের জন্য যেখানে ৪০ কোটি টাকা ব্যয় যৌক্তিক ছিল, সেখানে পুনঃপ্রাক্কলন (রি-এস্টিমেট) তৈরি করে ব্যয় বাড়িয়ে ৮৭ কোটি টাকা করা হয়েছে। ইতিমধ্যেই কাজের নামে ৪৩ কোটি টাকা তুলে নেওয়া হলেও বাস্তবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রের জনগণের এই বিপুল অর্থ অপচয় ও অনিয়ম ঠেকাতে সংসদ সদস্য কথা বলাতেই তাঁর বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র মিথ্যা অভিযোগ সাজানো হয়েছে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার ও সাব-ঠিকাদার শুধু সংসদ সদস্যের নয়, বরং বিএনপির রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। সড়ক সংস্কারে এই লুটপাটের সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উক্ত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি, পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










