জাতীয়তাবাদী যুবদলের ব্যানার সীমান্ত পেরিয়ে ভারতের (আসামে), রহস্য উদ্ঘাটনে তদন্তে ভারতীয় পুলিশ
- আপডেট সময়ঃ ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ০১ নভেম্বর ২০২৬
মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওড়ানো একঝাঁক রঙিন বেলুন ও প্রচারমূলক ব্যানার সীমান্ত পেরিয়ে ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানখেতে গিয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আসাম পুলিশ।
ঘটনার সূত্রপাত যেভাবে;
স্থানীয় সূত্র ও ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার সকালে আসামের লখিমপুর জেলার নারায়ণপুর থানার অন্তর্গত লেটেকুজান গ্রামের একটি ধানখেতে গরু চরাতে যায় এক স্থানীয় বালক। সেসময় আকাশে ওড়া বেলুনগুলো একটি খেতের ওপর নামতে দেখে সেগুলোর প্রতি তার কৌতূহল জন্মায়। পরে বেলুনগুলো একটি বাঁধের কাছাকাছি নেমে এলে বালকটি বেলুন ও এর সঙ্গে সংযুক্ত ফ্লেক্স ব্যানারটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। মুহূর্তেই বিষয়টি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজনের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
ব্যানারে যা ছিল;
উদ্ধারকৃত ফ্লেক্স ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র অঙ্গসংগঠন মৌলভীবাজার জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা ও স্লোগান খোদাই করা ছিল। এছাড়া ব্যানারে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শীর্ষ নেতা তারেক রহমানের ছবিও যুক্ত ছিল।
এর আগে মৌলভীবাজার জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে বেলুন ও ব্যানার ওড়ানোর বেশ কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, ওই বর্ণাঢ্য উদযাপনের সময় আকাশে ওড়ানো বেলুনগুলোর একটি অংশ বাতাসের টানে বা অনুকূল বায়ুপ্রবাহের কারণে সীমান্ত পাড়ি দিয়ে প্রায় শত শত মাইল দূরে ভারতের আসাম রাজ্যের লখিমপুর এলাকায় গিয়ে পৌঁছেছে।
পুলিশের তদন্ত শুরু;
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সযত্নে বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়। বাংলাদেশের একটি রাজনৈতিক দলের এই প্রচারসামগ্রী কীভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পৌঁছাল, তা নিয়ে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে। বেলুনগুলোর সুনির্দিষ্ট উৎস এবং কোন জলবায়ু বা বায়ুপ্রবাহের গতিপথে এগুলো আসাম পর্যন্ত গিয়ে পৌঁছাল, তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
সংবাদ বিশ্লেষণ: আন্তর্জাতিক সীমানা পেরিয়ে রাজনৈতিক প্রচারসামগ্রী অন্য দেশে গিয়ে পড়ার এই ঘটনা যেমন বিরল, তেমনি প্রাকৃতিকভাবে বাতাসের গতিপ্রকৃতির কারণে যে ভৌগোলিক সীমানা পেরিয়ে বস্তুর স্থানান্তর সম্ভব, এই ঘটনা তারই এক অদ্ভুত ও নজরকাড়া উদাহরণ।










