অভিযান
‘সুনামগঞ্জে’ ৭২ বোতল ভারতীয় মদ ও ২০ লাখ টাকার প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১
- আপডেট সময়ঃ ০৬:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৩৯ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ০১ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদসহ মো. আতিকুর রহমান আতিক (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গত শনিবার (৩১ অক্টোবর ২০২৬ খ্রি.) রাত ১১টা ৩৫ মিনিটে উপজেলার দোয়ারাবাজার থানাধীন মংলারগাঁও এলাকার দিলীপ দাসের বাড়ির পূর্ব পাশে দোয়ারাবাজার-ছাতকগামী পাকা সড়কে এই অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুকুল খানের নেতৃত্বে ডিবির একটি টিম ওই এলাকায় চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৪২৩১) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়িটির ভেতর থেকে ৫ বোতল ‘AC Black’ এবং ১৭ বোতল ‘ICE Vodka’—সব মিলিয়ে মোট ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের মোট পরিমাণ ২৭ হাজার মিলিলিটার।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটির মূল্য প্রায় ২০ লাখ টাকা। জব্দকৃত সব মালামালের মোট আনুমানিক মূল্য ২১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তারকৃত মো. আতিকুর রহমান আতিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্য চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।










