দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবার চালান জব্দ, আটক মাদক কারবারি
- আপডেট সময়ঃ ০৪:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
২৫ আগস্ট ২০২৬
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকা থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীষ আহমেদ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ আগস্ট সোমবার রাত ১০টার দিকে শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজের ওপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় স্থানীয় শ্যামারচর মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করেন। পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, শীষ আহমেদের হেফাজতে থাকা সাতটি জিপারের ভেতর থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা। গ্রেফতারকৃত শীষ আহমেদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।
শ্যামারচর মাদকবিরোধী ঐক্যের অন্যতম সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেন, আমাদের এলাকা মাদকের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় যুবকরা মিলে মাদকের বিরুদ্ধে কাজ শুরু করেছি। ইতোমধ্যে বেশ কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত শীষ আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে বিধি অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




















