শান্তিগঞ্জে ইসলামিক রিলিফের মাংস বিতরণ: ‘হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার’
- আপডেট সময়ঃ ০৮:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে উপজেলার ৫২৫টি পরিবারের মাঝে এই মাংস বিতরণ করা হয়, যেখানে প্রতিটি পরিবারকে ২ কেজি করে মাংস প্রদান করা হয়।
উৎসবের দিনে দরিদ্র পরিবারগুলো যেন আনন্দ ও মর্যাদার সাথে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলার জয়কলস এবং পশ্চিম পাগলা ইউনিয়নে এই কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়ন করা হয়।
মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জগলুল হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন পশ্চিম পাগলা ইউনিয়নের সদস্য জনাব জফরুল হক, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার জনাব মোঃ ছামছুল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ ছামছুল আলম জানান, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও তারা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ বছর মূলত সমাজের সেইসব হতদরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাদের সাধারণত ঈদ ছাড়া অন্য সময়ে গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য থাকে না।
ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার ইসলামিক রিলিফ বাংলাদেশের এই মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়।




















