ক্লাস পার্টির কেক নষ্ট হওয়ায় শিক্ষকের বেধড়ক মারধরে শিক্ষার্থীর কান দিয়ে রক্তক্ষরণ
- আপডেট সময়ঃ ০৬:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে।
ক্লাস পার্টির কেক নষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এমন ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী আবিরের পরিবার জানায়, প্রতিদিনের মতো সোমবার সে মায়ের সঙ্গে স্কুলে যায়। ষষ্ঠ শ্রেণিতে ক্লাস পার্টির আয়োজন করা হয়েছিল।
খেলার ছলে আবিরসহ কয়েকজন শিক্ষার্থীর হাত লেগে কেকটির সামান্য অংশ নষ্ট হয়ে গেলে শিক্ষক সাদ্দাম হোসেন ক্ষিপ্ত হয়ে আবিরকে মারধর করেন। এতে তাৎক্ষণিক তার কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
আবিরের মা পারভিন আক্তার অভিযোগ করেন, ক্লাস পার্টির কেক নষ্ট হওয়ায় আমার ছেলেকে মারধর করেন ওই শিক্ষক। পরে আমাকে ফোন করে অপমানজনক ভাষায়ও কথা বলেন। একজন শিক্ষক এতটা কঠোর ও অশ্রাব্য ভাষা ব্যবহার করতে পারেন তা ভাবতেও কষ্ট হয়। আমি এই ঘটনার বিচার চাই।
সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সে কেকটি নষ্ট করে দিয়েছে। এরপর কীভাবে ঘটনা ঘটেছে সে বিষয়ে এখন কিছু বলতে চাই না। পরিবারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পরিবার আগের কোনো রাগ বা ভুল বোঝাবুঝির কারণে এমন দাবি করতে পারেন।
তিনি আরও জানান, শিক্ষার্থীর বাবার সঙ্গে কথা হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে আবারও আলোচনা করবেন।
সুত্রঃসুনামগঞ্জেরখবর











