রাজনীতি
‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে আসবে না’—বললেন এমপি মাহমুদা মিতু
- আপডেট সময়ঃ ০৪:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১২ নভেম্বর ২০২৬
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু মন্তব্য করেছেন, ‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না।’ এনসিপির সংসদ সদস্য ও জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দেওয়া ওই ফেসবুক পোস্টে ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ডা. মাহমুদা মিতু।
পোস্টে তিনি জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে লেখেন, ‘ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।’
এরপর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, ‘কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।’ পোস্টের শেষাংশে তিনি দৃঢ়তা প্রকাশ করে লেখেন, ‘বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।’ একই পোস্টে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ির দুটি ছবিও যুক্ত করেন তিনি।
নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ:
এর আগে বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তার বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্ত শুরু করেছেন।
উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ এবং জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য হিসেবে তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন। এ হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা শুরু হয়েছে।




















