সুনামগঞ্জে যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ১০ সীভ জব্দ, ৩ স্টীলবডি আটক ও ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময়ঃ ০২:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১১ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নিয়মবহির্ভূতভাবে সীভ মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি সীভ (রোটর) জব্দ এবং ৩টি স্টীলবডির নৌযান আটক করা হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট স্টীলবডির তিন মালিককে মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, যাদুকাটা নদীর প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জলজ প্রতিবেশ হুমকির মুখে ফেলে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছে—এমন খবরের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োগ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আইন অমান্য করে নদীর তলদেশ ও তীরবর্তী এলাকার পরিবেশ ধ্বংস করার অপরাধে দোষী ব্যক্তিদের তাৎক্ষণিক অর্থদণ্ড দেন।
পরিবেশবাদীরা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, যাদুকাটা নদী শুধু একটি প্রাকৃতিক সম্পদই নয়, এটি এ অঞ্চলের জীববৈচিত্র্যের অন্যতম মূল আধার। অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙন দেখা দিচ্ছে এবং নদীর গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদুকাটা নদীর পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলন পুরোপুরি প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















