কার্যক্রম নিষিদ্ধ আ: লীগ নেতা -রনজিত সরকারের সভা ঘিরে আলোচিত রাতারগুলের সেই রিসোর্টে তালা দিল পুলিশ
- আপডেট সময়ঃ ০১:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১১ নভেম্বর ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র রাতারগুল সংলগ্ন একটি রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের গোপন সভা করার ঘটনায় রিসোর্টটিতে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এবিএম জাকির হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপারের দেওয়া তথ্যমতে, সংশ্লিষ্ট এক ব্যক্তির (তারা মিয়া) স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ৮ নভেম্বর জনৈক এক আইনজীবী ‘শিক্ষা সফরের’ কথা বলে রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’টি ভাড়া নিয়েছিলেন। আয়োজকদের পক্ষ থেকে শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানারও টানানো হয়েছিল।
তবে পরবর্তীতে পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। পুলিশ জানায়, নির্ধারিত অনুষ্ঠানের একপর্যায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ও সিলেটের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার আকস্মিকভাবে সেখানে উপস্থিত হন। এরপর শিক্ষা সফরের ব্যানার সরিয়ে দলীয় ব্যানার টানানো হয় এবং রনজিত সরকার উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, প্রতারণামূলকভাবে শিক্ষা সফরের আড়ালে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রিসোর্টটি বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং এর সঙ্গে রিসোর্ট কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



















