জাজিরায় বিস্ফোরণে যুবক নিহত, লন্ডভন্ড বসতঘর; পুলিশ বলছে, ঘরের ভেতরে বোমা তৈরির উপকরণ পাওয়া গেছে
- আপডেট সময়ঃ ১০:০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / ৭২ বার পড়া হয়েছে।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে সোহান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণে বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য এবং বোমা তৈরির উপকরণ পাওয়া গেছে। নিহতের শরীরে বিস্ফোরণের আঘাত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোরে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের দেয়াল ও চাল উড়ে গেছে। ঘরের ভেতর ও আশপাশে বিস্ফোরক তৈরির সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘর থেকে কিছু দূরে সোহানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তানভীর আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে এটি বোমা বিস্ফোরণের ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণ পাওয়া গেছে। নিহত যুবকের শরীরে বিস্ফোরণের আঘাত রয়েছে। তবে কী উদ্দেশ্যে এবং কারা বোমা তৈরি করছিল-তা খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে, যা তদন্তে সহায়ক হতে পারে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ এ ধরনের ঘটনা আগে কখনও এলাকায় ঘটেনি।
পুলিশ আশ্বাস দিয়েছে যে তারা দ্রুত এই ঘটনার রহস্য উদঘাটন করবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। এদিকে, স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং অজানা বস্তু থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তথ্যসহায়তাঃমানবজমিন











