আত্মীয়-স্বজন-নেতাকর্মী জড়িত থাকলেও ছাড় নয় :বালি কান্ডে এমপি কামরুল
- আপডেট সময়ঃ ০৯:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।
আত্মীয়-স্বজন-নেতাকর্মী জড়িত থাকলেও ছাড় নয় :বালি কান্ডে এমপি কামরুল
হক বার্তা ডেস্ক ৫জুলাই ২০২৬ইং
মাহারাম নদীর মুখসহ গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত বাঁশের বেড়া নির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। রবিবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর বাজারে উত্তর বড়দল ইউনিয়নের সচেতন নাগরিক ও নদীপাড়ের বাসিন্দাদের উদ্যোগে সভায় তিনি এই আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমার আত্মীয়—স্বজন কিংবা দলীয় নেতাকর্মী—যেই হোক না কেন, অবৈধ বালু উত্তোলন ও মাদকের সঙ্গে জড়িত থাকলেও তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার জন্য নির্দেশ দেন তিনি।
তাহিরপুর উপজেলার শান্তিপুর—মাহারাম নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, বিএনপি নেতা মহিউদ্দিন, শহিদুল ইসলাম তালুকদার, আতিকুর রহমান, দ্বিন ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শান্তিপুর ও মাহারাম নদীর উৎসমুখ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য ব্রিজ সংলগ্ন মাহারাম নদীর মুখ, আমতৈল খাল এবং একতা বাজারসংলগ্ন নদীপথে বাঁশের বেড়া নির্মাণের পাশাপাশি নদীপাড়ের জমির মালিকদের নিজ উদ্যোগে বালু বিক্রি বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, তীব্র ভাঙনের ঝুঁকি সৃষ্টি হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসন ও সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
















