স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে অভিযোগ
- আপডেট সময়ঃ ০৩:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ০৯ নভেম্বর ২০২৬
পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদরাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সাবেক সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ১০ থেকে ১২ জনের একটি দুর্বৃত্ত দল পরিকল্পিতভাবে আব্দুর রহিমের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে এবং তার বাম পা ভেঙে দেয়। এছাড়া পায়ের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ দেওয়া হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে আব্দুর রহিমকে কুপিয়ে জখম করেছে। তিনি অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি আহত নেতাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



















