কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে,মধ্যনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময়ঃ ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ।।১০ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের মধ্যনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি মধ্যনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাজারে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী আমলের নানা অনিয়ম ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মুসাব্বির হোসেন সাগর।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক আবুল বাশার তালুকদার বলেন, “গণতন্ত্রের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে বসে থাকলেই চলবে না; দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শেখ ফরিদ, ইলিয়াস, বাপ্পি ও মাসুম। এছাড়া মধ্যনগর ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তালুকদার, সাধারণ সম্পাদক মোসারফ হোসেন এবং চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক কামাল খন্দকারসহ বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
দলীয় এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সক্রিয় উপস্থিতি লক্ষ করা গেছে।




















