রাজনীতি
টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ
- আপডেট সময়ঃ ০২:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাবা ও ছেলে। উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির রোববার (১৫ নভেম্বর) রাতে নিজ বাড়িতে এ ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে মিরান ফকির বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মতের অমিল, হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেছেন।
মিরান ফকিরের দাবি, রাজনীতি সম্পর্কে তেমন ধারণা না থাকা সত্ত্বেও তার বৃদ্ধ বাবা মো. লুৎফর ফকিরকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। একইভাবে তাকেও ভয় দেখিয়ে দলে যুক্ত করা হয়। তবে দলে তাদের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না; তারা কেবল সাধারণ সদস্য হিসেবে যুক্ত ছিলেন বলে তিনি জানান।
মিরান ফকির অভিযোগ করেন, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। স্থানীয় নীলফা বাজারে তার একটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে।
দলের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে মিরান ফকির বলেন, বিএনপির বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে দলটির রাজনীতির সঙ্গে তাদের মতের কোনো মিল খুঁজে পাননি। বিশেষ করে মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খল কর্মকাণ্ড তাদের অপছন্দ।
সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, শনিবার রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় তারা মর্মাহত। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে কেন মারধরের শিকার হতে হবে, এমন প্রশ্ন তোলেন তিনি।
মিরান ফকির আরও বলেন, “শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তার রক্ত মিশে রয়েছে।”
স্বেচ্ছায় বিএনপির সদস্য পদসহ সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও তারা এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে চান না। বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন মিরান ফকির।
তবে বাবা-ছেলের পদত্যাগের ঘোষণা এবং তাদের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের বক্তব্যও জানা সম্ভব হয়নি।




















