বাংলাদেশ -ভারত, প্রত্যর্পণ চুক্তি
বাংলাদেশ সরকার বলছে শেখ হাসিনাকে ফিরতে হলে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতাতেই ফিরতে হবে
- আপডেট সময়ঃ ০৭:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১৫ নভেম্বর ২০২৬
২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত তথ্য চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে তার আইনি পরামর্শকদের আবেদনের পর নতুন করে আলোচনায় এসেছে ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ হলো এই প্রত্যর্পণ চুক্তি। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলেও তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছিল। তবে নয়াদিল্লি বরাবরই বিষয়টিকে ‘আইনি ও বিচারিক প্রক্রিয়া’ হিসেবে অভিহিত করে আসছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি এক ব্রিফিংয়ে পুনরায় জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সাথে সম্পৃক্ত এবং প্রচলিত আইন অনুযায়ীই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত মনে করেন, প্রত্যর্পণ চুক্তির ভেতরেই সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে—কোন ক্ষেত্রে প্রত্যর্পণ প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে তা কার্যকর হবে না। সরকারের তরফ থেকে ‘শুধুমাত্র প্রত্যর্পণের’ শর্ত জুড়ে দেওয়ায় জনমনে কৌতূহল তৈরি হয়েছে—দুই দেশের মধ্যকার এই চুক্তিতে আসলে কী রয়েছে?
প্রত্যর্পণ কী এবং কীভাবে কাজ করে?
প্রত্যর্পণ মূলত একটি জটিল বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্প্রতি জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রসঙ্গ টেনে প্রত্যর্পণের আইনি ব্যাখ্যা দেন। তিনি বলেন, “ইন্টারপোলের রেড নোটিশ জারি বা সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত নিজ দেশের আইন অনুযায়ী অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।”
বাংলাদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ প্রযোজ্য। বর্তমানে ভারত ও থাইল্যান্ড—এই দুটি দেশের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে।
২০১৩ সালের জানুয়ারিতে ভারতের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয় এবং ভারত নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠায়। পরবর্তীতে ২০১৬ সালে চুক্তিটি সংশোধন করা হয়। সংশোধিত ধারা অনুযায়ী, কোনো অভিযুক্তকে ফেরত চাইতে হলে অনুরোধকারী দেশকে প্রাথমিক পর্যায়ে সাক্ষ্যপ্রমাণ দাখিল করতে হবে না; কেবল সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই তা বৈধ অনুরোধ হিসেবে বিবেচিত হবে।
অধ্যাপক শ্রীরাধা দত্ত বিবিসি বাংলাকে বলেন, “বাংলাদেশ প্রত্যর্পণের কথা বলছে আর ভারত আইনি প্রক্রিয়ার কথা বলছে। তবে চুক্তির শর্তাবলি বিশ্লেষণ করলে আমার মনে হয়, ভারতের দিক থেকে তাকে প্রত্যর্পণ করা সম্ভব হবে না। যদিও শেখ হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।”
চুক্তিতে প্রত্যর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা:
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চুক্তির ২ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে:
•সাজার মেয়াদ: উভয় দেশের আইন অনুযায়ী যে অপরাধের শাস্তি কমপক্ষে এক বছর বা তার বেশি কারাদণ্ড, কেবল সেগুলোই প্রত্যর্পণযোগ্য বলে গণ্য হবে।
•আর্থিক ও রাজস্ব অপরাধ: কর, রাজস্ব বা সম্পূর্ণ আর্থিক প্রকৃতির কোনো অপরাধ হলেও তা প্রত্যর্পণের আওতায় আসবে।
•আইনি পরিভাষার ভিন্নতা: দুই দেশের আইনে অপরাধের নাম বা শ্রেণিবিন্যাস ভিন্ন হলেও তা প্রত্যর্পণে বাধা হবে না, যদি উভয় দেশেই কাজটি দণ্ডনীয় অপরাধ হিসেবে স্বীকৃত হয়।
•সহযোগিতা ও প্ররোচনা: মূল অপরাধ সংঘটনের চেষ্টা করা, প্ররোচনা দেওয়া, উসকানি দেওয়া বা সহযোগী হিসেবে অংশ নেওয়াও প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এছাড়া ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ড আংশিক বা সম্পূর্ণভাবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের (যেমন ভারত) ভূখণ্ডে ঘটলেও তাকে প্রত্যর্পণ করা যাবে, যদি ওই কর্মকাণ্ডের ফলাফল অনুরোধকারী রাষ্ট্রে (বাংলাদেশ) প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।
‘রাজনৈতিক অপরাধ’ সংক্রান্ত বিতর্ক ও ব্যতিক্রম:
শেখ হাসিনার সমর্থকদের দাবি, চুক্তির ৬ নম্বর ধারার কারণে ভারত আইনত তাকে ফেরত দিতে বাধ্য নয়। ‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’ শীর্ষক এই অনুচ্ছেদে বলা হয়েছে, অভিযোগটি যদি রাজনৈতিক চরিত্রের হয়, তবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্র প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে।
তবে এই অনুচ্ছেদেই একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম যুক্ত করা হয়েছে। চুক্তিতে স্পষ্ট বলা আছে, কিছু গুরুতর অপরাধ কখনোই ‘রাজনৈতিক অপরাধ’ হিসেবে বিবেচিত হবে না। এর মধ্যে রয়েছে:
•হত্যা, অনিচ্ছাকৃত হত্যা বা অপরাধমূলক নরহত্যা এবং হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়া।
•জনজীবন বিপন্ন করে বা সম্পত্তির গুরুতর ক্ষতি করে এমন বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক তৈরি বা নিজ দখলে রাখা।
•জীবন বিপন্ন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ রাখা এবং গ্রেপ্তার এড়াতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা।
•অপহরণ, বলপূর্বক তুলে নিয়ে যাওয়া, বেআইনিভাবে আটক রাখা বা জিম্মি করা।
•জনসাধারণের উপযোগী সেবাদানকারী সম্পত্তির বেপরোয়া ক্ষতিসাধন করা।
•উভয় রাষ্ট্র স্বাক্ষরিত বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির অধীনে দণ্ডনীয় যেকোনো ফৌজদারি অপরাধ।
প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ কতটুকু?
চুক্তির ৮ নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট ভিত্তি বা ‘গ্রাউন্ডস ফর রিফিউজাল’ উল্লেখ রয়েছে। এই ধারা অনুযায়ী, অনুরোধপ্রাপ্ত রাষ্ট্র নিচের কারণগুলোতে প্রত্যর্পণ নাকচ করতে পারে:
১. অভিযুক্ত ব্যক্তি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা ‘অন্যায় বা নিপীড়নমূলক’ হবে।
২. অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগটি ‘ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি’ বলে প্রতীয়মান হলে।
৩. অপরাধের প্রকৃতি অত্যন্ত তুচ্ছ বা লঘু হলে কিংবা অপরাধ সংঘটনের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলার রায়ের পর এক বিবৃতিতে শেখ হাসিনা ওই বিচার প্রক্রিয়াকে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছিলেন। ওই রায়ের পর তৎকালীন অন্তর্বর্তী সরকার এবং বর্তমান বিএনপি সরকার—উভয় পক্ষ থেকেই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলা হচ্ছে।
সম্প্রতি শেখ হাসিনার আইনি পরামর্শকদের পক্ষ থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠানোর পর দুই দেশের কূটনৈতিক ও আইনি মহলে এই চুক্তির ধারা-উপধারাগুলো নতুন করে চুলচেরা বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সূত্র:’BBC News বাংলা ‘ ।



















