হঠাৎ ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা
- আপডেট সময়ঃ ১১:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তিনি রাজধানীর বিমানবন্দর সড়কসংলগ্ন হোটেল লা মেরিডিয়ানে ওঠেন। সংশ্লিষ্ট কূটনৈতিক ও হোটেল সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বিকেল পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।
সাবেক এই মার্কিন কূটনীতিকের আকস্মিক ঢাকা সফর ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে তার এবারের সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি নিছকই ব্যবসায়িক সফর, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেই স্পষ্ট কিছু জানানো হয়নি।
পেশাগত বর্তমান অবস্থান ও জ্বালানি খাতে সংশ্লিষ্টতা :
বাংলাদেশে প্রায় তিন বছর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) থেকে স্বেচ্ছায় অবসরে যান পিটার হাস। কূটনৈতিক পেশা ছাড়ার পর তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান ‘অ্যাকসিলারেট এনার্জি’তে (Excelerate Energy) যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত উপদেষ্টা (স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে কর্মরত রয়েছেন এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির কার্যক্রম দেখভাল করছেন।
উল্লেখ্য, বাংলাদেশের জ্বালানি খাতে অ্যাকসিলারেট এনার্জির উল্লেখযোগ্য ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এবং সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় দেশে এলএনজি সরবরাহ করে আসছে। ফলে তার এই সফরকে অনেকেই জ্বালানি খাতের ব্যবসায়িক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন।
রাষ্ট্রদূত থাকাকালীন আলোচিত ভূমিকা :
ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়ে আসছিলেন পিটার হাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ বিষয়ে তিনি নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক ও তৎপরতা চালান।
তার এসব কূটনৈতিক কর্মকাণ্ড নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিকবার প্রকাশ্যে আপত্তি ও অসন্তোষ জানানো হয়েছিল। সে সময় সরকারের পক্ষ থেকে তার তৎপরতাকে ‘বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ’ বলেও অভিযোগ তোলা হয়। অন্যদিকে, নির্বাচনি পরিবেশ ও ভোটাধিকার নিয়ে সোচ্চার থাকায় তৎকালীন বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে পিটার হাস স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, ওই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। কূটনৈতিক দায়িত্ব ছাড়ার পর নতুন পরিচয়ে তার এবারের ঢাকা সফর ও সম্ভাব্য বৈঠকগুলোর দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।



















