সিলেটে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রনয় গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৪:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১৩ নভেম্বর ২০২৬
সিলেট নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রনয় সরকার জয় (২২) সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহপরান (রহ.) থানা পুলিশের একটি বিশেষ দল থানাধীন বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত প্রনয় সরকার জয় শাহপরান (রহ.) থানার বটেশ্বর এলাকার চূয়াবহর গ্রামের সঞ্জয় সরকারের ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন এবং সিলেট জেলা ছাত্রলীগের টিলাগড় গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহপরান (রহ.) থানায় দায়েরকৃত ১৩ নম্বর মামলার তদন্তে প্রনয় সরকার জয়ের সংশ্লিষ্টতা পাওয়া যায়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪ ধারায় নথিভুক্ত রয়েছে। ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে।
শাহপরান (রহ.) থানা পুলিশ নিশ্চিত করেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।




















