পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য: দেশে প্রতিদিন গড়ে ১০ খুন
- আপডেট সময়ঃ ০৫:০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
২৫ আগস্ট ২০২৬
চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত এই তিন মাসে সারা দেশে ৯৩৪টি খুনের ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩০০টির বেশি খুনের ঘটনা ঘটেছে।
সেই হিসাবে দৈনিক খুন হয়েছেন ১০ জন।
পুলিশ হেডকোয়ার্টার্সের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রংপুরের একটি বাসায় শিক্ষক পরিবারকে চারজনকে হত্যার ঘটনা ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে, এই যে শঙ্কা শুধুমাত্র একটিই হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে হয়েছে তা কিন্তু নয় ।
বাংলাদেশের পুলিশ সদর দপ্তর বলছে, চুরি ডাকাতির পরিমাণ আগের চেয়ে কিছুটা কমলেও খুন বা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনা যায়নি।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, প্রতি মাসে কমবেশি ৩০০ এর মতো খুনের ঘটনা ঘটছে। গড়ে প্রতিদিন ১০টি করে খুন যেন আমাদের ভাগ্যে লেখা রয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে ২ হাজার ৭৬টি। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭, ফেব্রুয়ারি ২৫০, মার্চে ৩১৭ ও এপ্রিলে ২৮৮টি।
পুলিশ আরো জানিয়েছে, যেসব হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছে, তার পেছনে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা তারা করছেন এবং অপরাধীদেরও গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, বছরের প্রথম সাত মাসে মব সহিংসতায় মারা গেছে ১৩৪ জন। একই সময় রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে অন্তত ৭৭ জন।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার আধিপত্য, রাজনৈতিক সংঘাত, মাদক এবং পারিবারিক কলহ বা বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি।
- সাত মাসে খুনের মামলা ২০৭৬টি । প্রতি মাসে খুন, ধর্ষণ, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় মামলা নিয়ে মাসিক রিপোর্ট প্রস্তুত করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের এই পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বছরের প্রথম সাত মাসে খুন বা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে ২০৭৬টি। এর মধ্যে জানুয়ারি মাসে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চ মাসে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুন মাসে ৩২৬ এবং জুলাই মাসে ২৯৮টি।
মাস শেষ না হওয়া এখনো পর্যন্ত অগাস্ট মাসের রিপোর্ট যুক্ত হয়নি পুলিশ সদর দপ্তরের রিপোর্টে।
অপরাধ বিশ্লেষকদের তথ্য মতে, দেশে বৈধ এবং অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতাসহ নানা কারণে খুন ও অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
অপরাধ বিশ্লেষক অধ্যাপক মুহাম্মদ উমর ফারুক বলেন, এখন অনেকের হাতে হাতে অস্ত্র চলে গেছে। অবৈধ অস্ত্রের চোরাচালান বাড়ছে। রাজনৈতিক দ্বন্দ্ব, পারিবারিক বিবাদ কিংবা ক্ষমতার আধিপত্যের কারণে খুন ও সহিংসতা বাড়ছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাইয়ে সারা দেশে খুনের ঘটনায় এক হাজার ৭৮৯টি মামলা হয়েছে। আগের ছয় মাসে হয়েছিল এক হাজার ৭৮০টি। সে হিসাবে খুনের মামলা বেড়েছে ৯টি।
অন্যদিকে, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গত ছয় মাসে মামলা হয়েছে ১১ হাজার ১৬৫টি। আগের ছয় মাসে হয়েছিল ১০ হাজার ৯০টি। এই শ্রেণিতে মামলা বেড়েছে ১ হাজার ৭৫টি।
পুলিশের অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, দস্যুতা, ডাকাতি কিংবা চুরির ঘটনা কমলেও খুনের ঘটনা হয়তো খুব একটা কমেনি। মানুষের মধ্যে স্থানীয় বিবাদ, অস্থিরতা এটা অনেকক্ষেত্রে আগে থেকে নিয়ন্ত্রণ করা যায় না। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।




















