‘মানসিক কষ্ট আর নিতে পারছি না’—চিরকুটের পর তরুণীর মরদেহ উদ্ধার
- আপডেট সময়ঃ ০৩:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ৯১ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ১১ সেপ্টেম্বর ২০২৬
কমলগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট ঘিরে তদন্ত;
মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে মানসিক কষ্টের কথা উল্লেখ রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা জেসিকে ঘরের ভেতরে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ও কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জেসির চাচা কামাল হোসেন চৌধুরী জানান, সকালে ঘুম থেকে ওঠার পর জেসি স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজ করছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় একটি চিরকুটও পাওয়া যায়।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চিরকুটসহ সংশ্লিষ্ট বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


















