নোয়াখালীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক আটক
- আপডেট সময়ঃ ১২:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট
সুনামগঞ্জ ।। ০৯ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীর সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাওলানা মোবারক হোসেন ওরফে এমরান (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এ ঘটনা জানাজানি হয়। পরে খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।
পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে শিশুটি পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ায় পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার শারীরিক পরিবর্তনও তাদের নজরে আসে।
পরে সোমবার শিশুটিকে সুধারাম থানা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে পরিবারের কাছে সে অভিযোগ করে, গত পাঁচ থেকে ছয় মাস ধরে বিভিন্ন সময়ে মাদ্রাসাশিক্ষক মোবারক হোসেন ওরফে এমরান তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক নিজের বাসায় শিশুটিকে প্রাইভেট পড়াতেন। সেখানেই এসব ঘটনা ঘটেছে।
অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করেন। এতে তিনি আহত হলে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে পুলিশ পাহারায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত মোবারক হোসেন ওরফে এমরান উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোলাম কিবরিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষক নিজের বাসায় শিশুটিকে প্রাইভেট পড়াতেন। পরিবারের অভিযোগ, সেখানেই ধর্ষণের ঘটনা ঘটেছে।
তিনি জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে মোবারক হোসেন ওরফে এমরানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















