রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
- আপডেট সময়ঃ ১০:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিশ্চিত করতে সুনামগঞ্জে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পবিত্র রমজানে অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা আদায় থেকে বিরত থাকতে হবে। বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভার মূল আলোচ্য বিষয় ছিলোঃ-
* যৌক্তিক মূল্য নির্ধারণ: রমজানে নিত্যপণ্যের দাম যাতে কোনোভাবেই অযৌক্তিক পর্যায়ে না পৌঁছায় সেদিকে বিশেষ নজর রাখা।
* পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা: বাজারে পণ্যের নিয়মিত যোগান নিশ্চিত করতে পাইকারি ও খুচরা বিক্রেতাদের মধ্যে সমন্বয় বৃদ্ধি।
* ভোক্তা অধিকার সংরক্ষণ: সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, কেন্দ্রীয় ক্যাবের সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় সভাপতি জামিল চৌধুরীসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জেলা ক্যাবের নেতৃবৃন্দ।
সভায় সুনামগঞ্জ শহরের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা রমজান মাসে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার এবং সহনীয় মূল্যে পণ্য বিক্রির প্রতিশ্রুতি প্রদান করেন।













