শীতলক্ষ্যা নদীতে একে একে ডুবলেন সৌদি প্রবাসীসহ ৪ জন
- আপডেট সময়ঃ ০১:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট
সুনামগঞ্জ ।। ১২ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন সৌদি প্রবাসী এক জামাতাসহ একই পরিবারের তিনজন। তাদের উদ্ধারে নদীতে নামা স্থানীয় এক কিশোরও পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় মোট চারজনের সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের চরলাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবল স্রোতের কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সন্ধ্যার পর স্থগিত করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) ডুবুরি দল এসে পুনরায় অভিযান শুরু করার কথা রয়েছে।
নদীতে নেমে একে একে নিখোঁজ;
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮) স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ি চরলাখপুরে বেড়াতে এসেছিলেন। একই সময়ে পরিবারের অন্য সদস্যরাও সেখানে বেড়াতে আসেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে ওবায়দুল্লাহর শ্যালিকা শান্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে পানিতে তলিয়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে নদীতে নামেন ওবায়দুল্লাহ ও পরিবারের আরেক সদস্য শান্ত। একপর্যায়ে তারাও নিখোঁজ হন।
পরে স্থানীয় কিশোর সৌরভসহ কয়েকজন তাদের উদ্ধারে নদীতে নামেন। এ সময় সৌরভও পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে শিবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
প্রবল স্রোতে স্থগিত উদ্ধার অভিযান;
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। শনিবার ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সাঁতার না জানার কারণে তারা স্রোতে তলিয়ে গেছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশও সমন্বয় করে কাজ করছে।


















