অগ্নিকাণ্ড
সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ
- আপডেট সময়ঃ ১২:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ১৯ বৃহস্পতিবার ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদসংলগ্ন গ্রামীণ ব্যাংকের একটি শাখার দরজায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে ব্যাংকের নাইট গার্ডের চিৎকারে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাহিরপুর শাখার প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নাইট গার্ড হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ব্যাংকে অবস্থানরত স্টাফ, পাশের বাসার বাসিন্দা ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় পানি ঢেলে আগুন নেভানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে ব্যাংক কার্যালয়ের কাঠের দরজা সামান্য ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, অর্থসহ অন্যান্য মালামালের কোনো ক্ষতি হয়নি।
তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু হানিফ জানান, গভীর রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা ব্যাংকের দরজায় আগুন ধরিয়ে দেয়। নাইট গার্ডের চিৎকার শুনে স্টাফ ও স্থানীয়রা এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কাঠের দরজা সামান্য পুড়েছে। তিনি আরও বলেন, ঘটনার কিছুক্ষণ আগেই পুলিশের টহল দল টহল শেষ করে থানায় পৌঁছায় এবং এর পরপরই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, কারা জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।




















