সংঘর্ষ
সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০
- আপডেট সময়ঃ ০১:৫২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৬০ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।।১৮ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আটটার দিকে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রবজুল হক মোড়ল মিয়া শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাতে দিরাই উপজেলার ছাদিরপুর বাসস্টেশন এলাকায় উভয় পক্ষের লোকজন মুখোমুখি হন।
একপর্যায়ে কথা কাটাকাটির জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের আঘাতে রবজুল হক মোড়ল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার জানান, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে সংঘর্ষের ঘটনায় আহত অন্য কোনো ব্যক্তি এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




















