মন্তব্য প্রতিবেদন
সংঘর্ষে জড়িতদের ব্রিটেন থেকে বহিষ্কার—!!! ব্রিটিশ এমপি রুপার্ট লো-র হুঁশিয়ারি
- আপডেট সময়ঃ ১০:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে।
সংঘর্ষে জড়িতদের ব্রিটেন থেকে বহিষ্কার—!!!
ব্রিটিশ এমপি রুপার্ট লো-র হুঁশিয়ারি
মন্তব্য প্রতিবেদন : তৃতীয় নয়নে জীবন দর্শন_
একবার ভাবুন তো, আপনারা কোন দেশে বসবাস করছেন? বাংলাদেশে, নাকি ব্রিটেনে?
ব্রিটেন! একটি সভ্য, সুশৃঙ্খল ও প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র। যে দেশে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আশ্রয় খুঁজে যায়। যে দেশ মানবিক বিবেচনায় শরণার্থী ও অভিবাসীদের বসবাসের সুযোগ দিয়েছে।
আর আপনারা কী করছেন?
নিজের দেশের রাজনৈতিক বিরোধ, দলীয় প্রতিহিংসা, ক্ষমতার লড়াই—সবকিছু নিয়ে হাজির হয়েছেন ব্রিটেনের রাস্তায়! রমফোর্ডের রাস্তায় বাংলাদেশি পরিচয়ে মারামারি করছেন! লন্ডনের মাটিকে বানিয়ে ফেলেছেন বাংলাদেশের দলীয় সংঘাতের ময়দান!
বাহ! কী চমৎকার প্রবাসী পরিচয়!
দেশে থাকতে রাজনৈতিক সংঘর্ষ, বিদেশে গিয়েও সেই একই অসভ্যতা! তাহলে দেশ বদলালেন কেন? ঠিকানা বদলালেই কি মানুষের অভ্যাস বদলে যায়?
যারা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন, যারা নানা প্রতিকূলতা পেরিয়ে ব্রিটেনে বসবাসের সুযোগ পেয়েছেন, তাদের অন্তত এটুকু কৃতজ্ঞতাবোধ থাকা উচিত নয় যে, যে দেশ আপনাকে নিরাপত্তা দিয়েছে, সেই দেশের সামাজিক পরিবেশকে সম্মান করবেন?
আপনাদের কি মনে হয়, ব্রিটেন আপনাদের আশ্রয় দিয়েছে নিজেদের রাস্তায় বাংলাদেশের রাজনৈতিক কুস্তি দেখার জন্য?
আপনারা কি ভুলে গেছেন, আপনারা সেখানে অতিথি, অভিবাসী কিংবা শরণার্থী হিসেবে বসবাস করছেন? ব্রিটেনের আইন, শৃঙ্খলা ও সামাজিক সংস্কৃতির প্রতি সম্মান দেখানো আপনাদের দায়িত্ব।
যে দেশের মানুষ এমন রাজনৈতিক সংঘর্ষকে স্বাভাবিক জীবনযাপনের অংশ হিসেবে দেখতে অভ্যস্ত নয়, সেই দেশের রাস্তায় গিয়ে আপনারা কীসের প্রদর্শনী করছেন?
আপনাদের এই কর্মকাণ্ড শুধু নিজেদের নয়, বিদেশে সম্মানের সঙ্গে বসবাস করা লাখো বাংলাদেশির ভাবমূর্তিকেও কলঙ্কিত করছে।
এবার আসি ব্রিটিশ এমপি রুপার্ট লো-র কথায় :
তিনি রমফোর্ডের সংঘর্ষের ভিডিও শেয়ার করে বলেছেন, তাঁর দল ‘রিস্টোর ব্রিটেন’ ক্ষমতায় এলে সংঘর্ষে জড়িত বাংলাদেশিদের ব্রিটেন থেকে বহিষ্কার করা হবে।
কথাটা শুনে অনেকের খারাপ লাগতে পারে। কিন্তু নিজের কর্মকাণ্ডের দিকে একবার তাকান। একজন ব্রিটিশ সংসদ সদস্য কেন এমন কথা বলার সুযোগ পেলেন? ব্রিটেনের মাটিতে বাংলাদেশের রাজনৈতিক সংঘর্ষের এমন দৃশ্য কেন তৈরি হলো?
প্রশ্ন হচ্ছে, আপনারা কি ব্রিটেনে গেছেন নিজেদের জীবন গড়তে, নাকি বাংলাদেশের রাজনৈতিক বিবাদকে আন্তর্জাতিক রপ্তানি করতে?
মনে রাখবেন, প্রবাসে বসবাস করা সম্মানের বিষয়। কিন্তু সেই সম্মান ধরে রাখার যোগ্যতাও থাকতে হয়।
ব্রিটেন আপনাকে আশ্রয় দিয়েছে, সেই আশ্রয়ের মর্যাদা রাখুন। নিজের দেশের রাজনৈতিক হিংসা-বিদ্বেষ নিজের দেশের সীমানার মধ্যেই রাখুন।
শেষ কথা—ব্রিটেনকে বাংলাদেশ বানানোর চেষ্টা করবেন না। যে দেশের আশ্রয়ে আছেন, সেই দেশের পরিবেশ নষ্ট করার আগে অন্তত একবার নিজের অবস্থানটা মনে করুন।
বিদেশের মাটিতে বাংলাদেশের পরিচয় হোক কর্মে, সততায় ও সম্মানে—মারামারি আর অসভ্যতায় নয়।
— অ্যাডভোকেট আমিরুল হক




















