দুর্নীতি
রাজধানীর পরিবহন খাতে নৈরাজ্য ও চাঁদাবাজি: ৮০ শতাংশ বাস এখনো ‘আওয়ামী সিন্ডিকেটের’ কবজায়
- আপডেট সময়ঃ ০১:৩১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১৭ নভেম্বর ২০২৬
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর নানামুখী উদ্যোগ নেওয়া হলেও এখনো বহাল রয়েছে অরাজকতা, বেপরোয়া চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি। রাজনৈতিক পটপরিবর্তন এবং বিভিন্ন বাস টার্মিনাল ও রুটের নিয়ন্ত্রণ হাতবদল হলেও রাজধানীসহ দেশের বিভিন্ন রুটের প্রায় ৮০ শতাংশ বাস ও পরিবহন কোম্পানির মালিকানা এবং নেতৃত্ব রয়ে গেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের কবজায়।
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল সরেজমিন পরিদর্শন, সংশ্লিষ্ট অংশীজন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাস মালিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য উঠে এসেছে।
•চাঁদাবাজির রমরমা বাণিজ্য: প্রতিদিন কোটি টাকার লেনদেন
সড়কে আইনি নিয়ন্ত্রণের অনুপস্থিতি এবং রাজনৈতিক প্রভাবশালী মহল ও কিছু অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মদদে এ খাতে চলছে নৈরাজ্যের মহোৎসব। পরিবহন খাতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে:
•দৈনিক চাঁদাবাজি: ঢাকার ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ২ কোটি ২১ লাখ টাকা চাঁদাবাজি হয়। সে হিসাবে মাসে এ খাতের চাঁদাবাজির পরিমাণ প্রায় ৬৬ কোটি থেকে ৮০ কোটি টাকা।
•টিআইবির তথ্য: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিপিবির) তথ্য অনুযায়ী, শুধু বাস ও মিনিবাস থেকেই বার্ষিক প্রায় ১,০৫৯ কোটি টাকা চাঁদা আদায় করা হয়।
•পদ্ধতির পরিবর্তন: আগে রসিদ বা টোকেনের মাধ্যমে চাঁদা তোলা হলেও বর্তমানে নগদ অর্থের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমেও চাঁদার লেনদেন হচ্ছে। এই টাকা রাজনৈতিক নেতা, সমিতি এবং পয়েন্টভিত্তিক লাইনম্যানদের মধ্যে ভাগবাটোয়ারা হয়।
১৬ রুটে ৯৪ কোম্পানির বড় অংশে আওয়ামী আধিপত্য:
অনুসন্ধানে জানা যায়, রাজধানীসহ আন্তঃজেলার ১৬ রুটে ৯৪টি কোম্পানির প্রায় ৯ হাজার বাস চলাচল করে। এর একটি বড় অংশের মালিকানায় রয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রভাবশালী নেতারা।
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল: ঢাকা টু বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর ও খুলনা রুটের ‘গোল্ডেন লাইন’, ‘ফাল্গুনী’, ‘মধুমতী’, ‘ইমাদ পরিবহন’, ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’, ‘নড়াইল এক্সপ্রেস’ ও ‘ইলিশ স্পেশাল’ পরিবহনের মালিকরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত।
ঢাকা-মাদারীপুর ও অন্যান্য রুট: আনন্দ এক্সপ্রেস, সার্বিক পরিবহন (সাবেক মন্ত্রী শাজাহান খানের পরিবারের মালিকানাধীন), প্রজাপতি পরিবহন (সাবেক এমপি শাহিদা তারেক দীপ্তি), এবং এনা পরিবহনের মালিকানায় রয়েছেন হেভিওয়েট আওয়ামী লীগ নেতারা।
অন্যান্য কোম্পানি: শিকড় পরিবহন, বিহঙ্গ পরিবহন, রাইদা পরিবহন, হিমালয় পরিবহন, গ্লোরী এক্সপ্রেস এবং দেশ বাংলা পরিবহনের শীর্ষ পদেও আওয়ামীপন্থী বা বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশীর্বাদপুষ্টরা রয়েছেন।
টার্মিনালগুলোতে চলছে নিয়ন্ত্রণ ধরে রাখার প্রতিযোগিতা:
সায়েদাবাদ টার্মিনাল থেকে পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ বাস চলাচল করে। এই টার্মিনালটির নিয়ন্ত্রণ এখনো মূলত আওয়ামী লীগের মালিক-শ্রমিকদের সিন্ডিকেটের হাতেই রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সায়েদাবাদ বাস মালিক সমিতির নেতাদের অভিযোগ: দক্ষিণবঙ্গ-খুলনা অঞ্চল এবং সায়েদাবাদ টার্মিনাল কেন্দ্র করে কতিপয় ব্যক্তি এখনো আগের মতো প্রতিটি বাস থেকে নিয়মিত চাঁদা আদায় করছেন। লাইনম্যানদের মাধ্যমে প্রতি বাস থেকে জোরপূর্বক অর্থ আদায়ের এই দৌরাত্ম্যের কারণে সাধারণ মালিক ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া ও করণীয়:
পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনের শীর্ষ ব্যক্তিরা কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এমএ বাতেন বলেন, “আওয়ামী লীগের আমলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ২৫০টির বেশি বাস কোম্পানিকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল, যার মধ্যে বর্তমানে ৯০টি কার্যকর রয়েছে। কোম্পানি পরিচালন যেখানে ৫ লাখ টাকা দরকার, সেখানে বিভিন্ন সংগঠন ও সমিতি ১৫ লাখ টাকার মতো তুলছে—এভাবেই চাঁদাবাজি হচ্ছে। আমরা এনবিআর ও পুলিশ কমিশনারকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি। চাঁদাবাজদের আমাদের সমিতিতে কোনো জায়গা নেই।”
ডিএমপির মুখপাত্র জানান, “চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ বা গোয়েন্দা তথ্য পেলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পরিবহন খাতের এই বিশৃঙ্খলা ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা না গেলে সরকারের রুট বিন্যাস ও শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ ভেস্তে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সূত্র: আমার দেশ।




















