ঢাকা-সিলেট মহাসড়ককের পুরনো দুর্ভোগঃ
মেরামত কাজের জন্য ৩ দিন বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু
- আপডেট সময়ঃ ০৮:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।
ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কুশিয়ারা নদীর ওপর নির্মিত শেরপুর সেতুতে জরুরি সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে। সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামত করার লক্ষ্যে আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিন দিন এই পথে যান চলাচল আংশিক ও পূর্ণাঙ্গভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংস্কারকালীন ট্রাফিক পরিকল্পনাঃ-
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেরামত কাজের সময়টুকুতে যানজট নিরসন ও কাজের সুবিধার্থে সময়সূচীকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে, আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুর এক লেনে যানবাহন চলাচল করবে।
তবে ওই দিন অর্থাৎ ২৪ এপ্রিল রাত ১১টা থেকে পরবর্তী দিন ২৫ এপ্রিল শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতু দিয়ে সব ধরণের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। তৃতীয় ধাপে, ২৫ এপ্রিল শনিবার সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল রবিবার সকাল ৮টা পর্যন্ত আবারও এক লেনে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হবে।
বিকল্প রুট ব্যবহারের পরামর্শঃ-
সংস্কার কাজ চলাকালীন যাতে যাত্রী সাধারণ এবং পরিবহন চালকদের দুর্ভোগে পড়তে না হয়, সেজন্য প্রশাসন বেশ কিছু বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা জারি করেছে।
শায়েস্তাগঞ্জ থেকে সিলেটগামী যানবাহনকে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট অভিমুখে যাতায়াত করতে বলা হয়েছে।
অন্যদিকে, শেরপুর (মৌলভীবাজার) থেকে সিলেটগামী যাত্রীরা মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ রুটটি ব্যবহার করতে পারবেন।
এছাড়া ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচলকারী যানবাহনগুলোকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রাণীগঞ্জ-জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ যাতায়াত করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে এই ডেকস্ল্যাব মেরামত কাজ অত্যন্ত জরুরি। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে প্রশাসন মহাসড়কে চলাচলকারী চালক, শ্রমিক এবং যাত্রী সাধারণকে ধৈর্য ধারণ করতে এবং নির্ধারিত বিকল্প রুটগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।














