সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
- আপডেট সময়ঃ ০৪:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৫০ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের সময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথকভাবে দুটি বর্ণাঢ্য মিছিল বের করে স্থানীয় বিএনপির দুটি পক্ষ। মিছিল দুটি উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে পৌঁছালে মুখোমুখি হয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে রাস্তা ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপে চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতির মধ্যেই দুই পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হন। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা বিএনপির একটি পক্ষে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরী প্রমুখ। অন্যদিকে অপর পক্ষে রয়েছেন যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার ও যুগ্ম আহবায়ক আবদুল মালিক প্রমুখ।
উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ:
সংঘর্ষের পর দুই পক্ষই একে অপরকে দায়ী করে বক্তব্য দিয়েছে।
যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার দাবি করেন, “আমাদের মিছিলটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। মিছিলে চারজন যুগ্ম আহবায়কসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মী অংশ নিয়েছিলেন। প্রতিপক্ষের লোকজন আমাদের মিছিলের পথরোধ করে অতর্কিত লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে আমাদের দলের তিন-চারজন নেতাকর্মী আহত হয়েছেন।”
অপর পক্ষের উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী ভিন্ন দাবি করে বলেন, “আমরা মিছিল শেষে উপজেলা পার্কে শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন এসে সেখানে মিছিল ও উসকানিমূলক স্লোগান দিতে শুরু করে। এর ফলেই মূলত উত্তেজনা এবং পরবর্তী সময়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।”
পুলিশের বক্তব্য:
ঘটনার বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বেলা দুইটার দিকে জানান, “মূলত দুটি মিছিল মুখোমুখি হওয়ার পরই দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং দুই পক্ষ দুই এলাকায় অবস্থান করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশমোতায়েন করা হয়েছে।”:



















