পুলিশ ক্যাম্পে এসআইয়ের মৃত্যু ঘিরে রহস্য, গুলির ঘটনায় তদন্ত শুরু
- আপডেট সময়ঃ ০২:৩৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ০৪ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার পুলিশ ক্যাম্পের নিজ কক্ষ থেকে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) নামের এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। সার্ভিস পিস্তলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ক্যাম্পের ভেতরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত এসআই জাহাঙ্গীর হোসেন তালুকদার সশস্ত্র উপ-পরিদর্শক হিসেবে ওই ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার।
ঘটনাস্থলের বিবরণ ও পুলিশি পদক্ষেপ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ক্যাম্পের নিজ কক্ষে থাকা অবস্থায় এসআই জাহাঙ্গীর নিজের নামে ইস্যুকৃত সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি চালান। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত তার কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে :
ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ জানায়, পারিবারিক কোনো কলহ বা মানসিক চাপের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, “ওই পুলিশ সদস্য নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা আসার পর এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

















