অগ্নিকাণ্ড
সুনামগঞ্জের দিরাইয়ে পল্লী বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ আগুন: ১৫ কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
- আপডেট সময়ঃ ০১:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ।। ০৩ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনের শর্টসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরের আসবাবপত্র, কৃষিকাজের জন্য সংরক্ষিত ধান-চাল, বীজধান, সার, কীটনাশক, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সবাই খেটে খাওয়া কৃষিজীবী।
গত সোমবার (২ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জারালিয়া গ্রামের পল্লী বিদ্যুতের মেইন পিলারের শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের লেলিহান শিখায় ১৫ জন কৃষকের বসতঘর এবং ভেতরে থাকা সমস্ত প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। বিশেষ করে আমন মৌসুমের বীজধান, ধান-চাল ও কৃষিকাদের সার-কীটনাশক পুড়ে যাওয়ায় এই মুহূর্তে চরম খাদ্য ও অর্থনৈতিক সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
এদিকে এ দুর্ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের চরম দায়িত্বে অবহেলাকে দায়ী করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, বৈদ্যুতিক মেইন লাইন ও পিলার নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হলে এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের সাহসিকতায় আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানিয়ে তারা বলেন, ঘটনার প্রায় আধা ঘণ্টা পর দিরাই উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক জানান, পল্লী বিদ্যুতের শর্টসার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
এদিকে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জিব সরকার। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং জানান, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে সরকারিভাবে পুনর্বাসন ও সার্বিক সহায়তার ব্যবস্থা করা হবে।

















