অভিযোগ
সিলেটে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আইনজীবীর ৩৫ লাখ টাকা লোপাট
- আপডেট সময়ঃ ০৯:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।।১২ নভেম্বর ২০১৬
সিলেটে সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে প্রবীণ আইনজীবী ও শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরীর ৩৫ লাখ টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে তাঁর অজান্তেই এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও ব্যাংক কর্তৃপক্ষ বা আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে কার্যকর কোনো সুরাহা বা দৃশ্যমান পদক্ষেপ না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তিনি।
যেভাবে ধরা পড়ে জালিয়াতি
গত সোমবার (৯ নভেম্বর) ২০ হাজার টাকার একটি চেক দিয়ে ব্যাংক থেকে টাকা তোলার জন্য একজনকে পাঠান ড. দিলীপ কুমার। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টে কোনো পর্যাপ্ত বা পর্যাপ্ত অর্থ অবশিষ্ট নেই।
পরে ব্যাংকে সশরীরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় মোট ৩৫ লাখ টাকা অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
ভুক্তভোগীর বক্তব্য:
নিজের জীবনের সমস্ত সঞ্চয় এই অ্যাকাউন্টে জমা রেখেছিলেন উল্লেখ করে ড. দিলীপ কুমার দাশ চৌধুরী জানান, তিনি কখনোই ই-ওয়ালেট বা কোনো ধরনের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেননি এবং ডিজিটাল লেনদেনের সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, “আমার অজান্তেই অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা গায়েব হয়ে গেছে। অথচ টাকা স্থানান্তরের বিষয়ে আমার মোবাইলে কোনো ধরনের এসএমএস বা নোটিফিকেশনও আসেনি।”
তিনি আরও জানান, এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ ও কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত টাকা উদ্ধারে তাদের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। পুলিশ এসে এটিকে ব্যাংকের বিষয় বলে দায় সারতে চেয়েছে, আর ব্যাংক কর্তৃপক্ষ কেবল বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিচ্ছে। সর্বস্ব হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছেন।
ব্যাংক ও পুলিশের বক্তব্য:
ঘটনার বিষয়ে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম মো. ওয়ারিসুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। যেহেতু এর সাথে ব্যাংকের সুনামের বিষয়টি জড়িত, তাই গ্রাহকের টাকা উদ্ধারে শাখা থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।”
অন্যদিকে, এ জালিয়াতির সাথে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “টাকাগুলো ঠিক কোন কোন অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে এবং এর সাথে কারা জড়িত, তা উদ্ঘাটনে কাজ চলছে। লেনদেনের ডিজিটাল তথ্য সংগ্রহ ও ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















