গোয়াইনঘাটে ওসি পদায়ন ও রণজিতের গোপন সভা ঘিরে ধোঁয়াশা: প্রশাসনের ভেতরে -বাইরে যোগসাজশের অভিযোগ নিয়ে বিতর্ক
- আপডেট সময়ঃ ০৩:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ৩৭ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১৩ নভেম্বর ২০২৬
সীমান্তবর্তী উপজেলা সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ওমর ফারুক মণ্ডলের পদায়ন এবং সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকারের গোপন সভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি ও প্রশাসনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, প্রভাবশালী মহলের তদবির, আর্থিক লেনদেন এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের একাংশের নীরব সমর্থনে থানাটিতে এমন পদায়ন সম্ভব হয়েছে, যার সুযোগ নিয়ে এলাকায় সক্রিয় হয়ে উঠছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পদায়নের নেপথ্যে লবিং ও আর্থিক লেনদেনের অভিযোগ:
সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ফেরার পর পুলিশ কর্মকর্তা ওমর ফারুক মণ্ডল গোয়াইনঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব পান। স্থানীয় পর্যায়ে প্রচলিত অভিযোগ অনুযায়ী, এই পদায়নের নেপথ্যে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ এক ব্যক্তির জোরালো ভূমিকা ছিল। পুলিশের একজন শীর্ষ নীতিনির্ধারকের সঙ্গে ওই ব্যক্তির সুসম্পর্ককে কাজে লাগিয়ে এবং বড় অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে এই পদায়ন নিশ্চিত করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রগুলো আরও জানায়, ওমর ফারুক মণ্ডল সুনামগঞ্জের ধর্মপাশা সদরের রাজনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে। অভিযোগ রয়েছে, তার বাবা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা এবং ওমর ফারুক নিজেও ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। তা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের একাংশের মৌন সম্মতিতে তিনি এই গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব পান।
অবৈধ কারবার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ওসি হিসেবে ওমর ফারুক যোগদানের পর থেকেই গোয়াইনঘাটে চোরাচালান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, মাদক ব্যবসা এবং নদীপথে চাঁদাবাজি আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
অভিযোগ রয়েছে, কাগজে-কলমে বালুমহালের ইজারা থাকলেও ইজারাদারদের সঙ্গে সমঝোতার মাধ্যমে নিষিদ্ধ এলাকা থেকে নির্বিচারে বালু উত্তোলন চলছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। স্থানীয়দের ভাষ্যমতে, এসব অবৈধ কর্মকাণ্ডের দায়ভার অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন দল বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীর ওপর চাপানো হলেও, পর্দার আড়ালে থেকে পুরো নিয়ন্ত্রণ ও সুবিধা ভোগ করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সালুটিকর তদন্তকেন্দ্র ও রণজিত সরকারের গোপন সভা:
গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার স্থল ও নৌপথের সংযোগস্থল হিসেবে পরিচিত সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রটি এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। স্থানীয় সূত্রের দাবি, ওই তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনজিত চন্দ্র দাস পূর্ব থেকেই সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পিয়াইন নদী ও সড়কপথে ভারতীয় চোরাই পণ্য পরিবহনে এই কেন্দ্রের তল্লাশি এড়িয়ে চোরাকারবারিদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওসি হিসেবে ওমর ফারুক যোগদানের পর এই তৎপরতা আরও বেড়েছে বলে দাবি করা হচ্ছে।
সম্প্রতি উপজেলার ‘সোহেল স্কোয়ার ইকো রিসোর্টে’ সাবেক এমপি রণজিত চন্দ্র সরকারের গোপন সভার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। জানা গেছে, রিসোর্টটির মালিক সোহেল আহমদ জেলা স্বেচ্ছাসেবক লীগের একজন সক্রিয় সদস্য। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও স্থানীয় বিএনপি ও যুবদলের প্রভাবশালী কয়েকজন নেতার সঙ্গে আত্মীয়তার সুবাদে রিসোর্টটি নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, সেখানে বসেই বিভিন্ন অবৈধ ব্যবসার ভাগবাটোয়ারা হয় এবং প্রশাসনের কর্মকর্তাদেরও নিয়মিত যাতায়াত রয়েছে।
পুলিশের ভেতরে অস্বস্তি ও রাজনৈতিক ক্ষোভ:
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় পুলিশ সদস্যদের একাংশ জানান, ওসির প্রভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতার বিষয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা অনেকটা নীরব থাকতে বাধ্য হন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের রোষানলে পড়ার ভয়েই কেউ এ বিষয়ে আগ বাড়িয়ে পদক্ষেপ নেন না। পুলিশ সদস্যদের মতে, রণজিত সরকার নৌপথে স্পিডবোটযোগে পিয়াইন নদী পার হয়ে ওই রিসোর্টে গিয়েছিলেন। নৌপথে কঠোর নজরদারি ও চাঁদাবাজির অভিযোগ থাকা সত্ত্বেও সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জের অগোচরে এমন যাতায়াত সম্ভব নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির স্থানীয় এক নেতা। তিনি বলেন, “ব্যক্তিগত স্বার্থে আমাদের দলের কিছু নেতা চোখ বুজে আছেন, আর সেই সুযোগে স্বৈরাচারের সুবিধাভোগীরা প্রশাসনের গুরুত্বপূর্ণ চেয়ারে বসে নিজেদের দলীয় স্বার্থ হাসিল করছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে প্রশ্ন তুললে তাকে নির্দিষ্ট কোনো নেতার ঘনিষ্ঠ বলে চালিয়ে দেওয়া হয়, দলের স্বার্থ দেখা হয় না। এই দুর্বলতার সুযোগেই রণজিত সরকার প্রশাসনের চোখে ধুলো দিয়ে সভা করার সাহস পেয়েছে।”
স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে উল্লিখিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।
সূত্র: দৈনিক ইনকিলাব।




















