মাদকবিরোধী অভিযান
শান্তিগঞ্জে নারীর বাড়ি থেকে চোলাই মদ ও ওয়াশ উদ্ধার, গ্রেফতার ১
- আপডেট সময়ঃ ১০:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ১৩ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লিটার দেশীয় চোলাই মদ এবং মদ তৈরির ২০ লিটার কাঁচামাল বা ‘ওয়াশ’সহ সুনামতি রবিদাস (৪১) নামের এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে উপজেলার শিমুলবাক ইউনিয়নের নুরপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটি নুরপুর গ্রামের বাসিন্দা অভিযুক্ত সুনামতি রবিদাসের নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ৫ লিটার তৈরি চোলাই মদ এবং ২০ লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল বা ‘ওয়াশ’ জব্দ করে।
গ্রেফতারকৃত সুনামতি রবিদাস শান্তিগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের মৃত শির গবিন রবিদাসের মেয়ে এবং আবু রবিদাসের স্ত্রী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ২৪(ক) ও ৩৭ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন জানান, সমাজে মাদকের বিস্তার রোধ ও মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




















