সুনামগঞ্জের ছাতকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ
- আপডেট সময়ঃ ০১:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১৫ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের ছাতক থানাধীন কৈতক এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিআই পিকআপ গাড়িসহ মো. রুকন মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে তার অপর দুই সহযোগী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের দিকনির্দেশনায় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ এসআই (নিরস্ত্র) দেবাশীষ শর্ম্মা ও সঙ্গীয় ফোর্স ছাতক থানাধীন কৈতক এলাকায় একটি চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি সন্দেহজনক ডিআই পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মো. রুকন মিয়াকে ঘটনাস্থলেই গ্রেফতার এবং ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
অভিযান চলাকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় রুকন মিয়ার দুই সহযোগী—তাজ উদ্দিন (৩৩) এবং শিপন মিয়া (৩০)।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। মামলার পলাতক অপর দুই আসামিকে গ্রেফতারেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও অভিযান চলছে।
সূত্র: সুনামগঞ্জ জেলা পুলিশ।



















