জানবাজি রেখে সবাই মাঠে নামবে’, ডিসেম্বরে ঘিরে এমন বার্তা পেয়েছে পুলিশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ: চট্টগ্রামের এসপি- জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০৩:৫৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৩৪ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১৫ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ রাখা এবং তথ্য পাচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে মামলা দায়েরের পরপরই চট্টগ্রাম নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথিত পরিকল্পনা ঘিরে নিষিদ্ধ দলটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিলেন এসপি জাহাঙ্গীর আলম। বিষয়টি নজরে আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি সাপেক্ষে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানান, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেছেন।
সিএমপি কমিশনার আরও বলেন, “একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন ছিল। এ জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছিল। গতকাল (শনিবার) সেই অনুমতি পাওয়ার পরই মামলাটি নথিভুক্ত করা হয় এবং রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।”
এর আগে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তার নিজ কার্যালয়ে এসপি জাহাঙ্গীর আলমকে তলব করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের দিনই জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। তার যোগাযোগের পরিধি ও তথ্য আদান-প্রদানের প্রমাণাদি যাচাই করতে ফোন দুটি অধিকতর ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র:BBC News বাংলা!



















