রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে এক তরুণকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা।
- আপডেট সময়ঃ ০৮:৫০:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ১১১ বার পড়া হয়েছে।
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে আফতাব আহমেদ (২০) নামে এক তরুণকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢামেকের নিউরো সার্জারি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আহত তরুণ উত্তরা ইউনাইটেড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।
আহত আফতাবের বাবা আলাউদ্দিন আল আজাদ বলেন, গতকাল বিকেলে আফতাব দক্ষিণখান আশকোনার নিজ বাসা থেকে গোপীবাগে এক আত্মীয়ের বাসায় যান। রাতে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনের ছাদে উঠে বিমানবন্দর রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৯টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ছাদে অবস্থানকারী তিন-চার ছিনতাইকারী আফতাবকে ঘিরে ধরে মারধর করে এবং সঙ্গে থাকা মাত্র ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা আফতাবকে ট্রেনের ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি বলেন, আহত অবস্থায় আফতাবকে পথচারীরা প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত আফতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে দক্ষিণখান আশকোনা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আফতাবের মাথায় আঘাত লেগেছে। তবে গুরুতর কিছু নয়। তার শরীরে কয়েকটি স্থানেও জখম হয়েছে।
সুত্র: মানবজমিন





















