ঢাকা-বগুড়া মহাসড়কে মাইক্রোবাসের ভয়াবহ দুর্ঘটনা: প্রাণ হারালেন ৩ যাত্রী
- আপডেট সময়ঃ ০২:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৭৯ বার পড়া হয়েছে।
সকালের কুয়াশাচ্ছন্ন সড়কে দ্রুতগতিতে ছুটে চলা একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুহূর্তেই পরিণত হলো দুমড়েমুড়ে যাওয়া লোহার স্তূপে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে যাওয়ায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের (ডিভাইডার) ওপর সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতা এতই বেশি ছিল যে গাড়িটি কয়েকবার ডিগবাজি খেয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত বাড়ান। ঘটনাস্থলেই এক যাত্রী প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, তারা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং গুরুতর আহত চারজনকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মর্তুজা নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতিতে থাকা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আঘাত করায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
পুলিশ বর্তমানে হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনাকবলিত যানটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে।
তথ্যসহায়তাঃসমকাল











