বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের মা-বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময়ঃ ০৯:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের মা-বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
হক বার্তা ডেস্ক
০৬ জুলাই, ২০২৬ ইংরেজি
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার বিকাল ৩ টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— ফরহাদ আহমেদ শাহ এবং তার বাবা নুরুল আমিন ও মা ফাতেমা বেগম।
স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ আহমেদ শাহের দোকানের টিনের ওপর পড়ে। ফরহাদ দুর্ঘটনাবশত ওই টিনের ঘরে হাত দিলে তৎক্ষণাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ছেলেকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে আসেন, কিন্তু তিনিও বিদ্যুতায়িত হন। এরপর তাদের উদ্ধার করতে গিয়ে মা ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি শাহিন মিয়া জানান, স্থানীয় নানা মাধ্যমে জানা গেছে ফরহাদ নামের এক যুবক তার ঘরে বিদ্যুতের কাজ করছিল, তখন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তাঁর মা—বাবা চেষ্টা করলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘরের বিদ্যুৎ ওই পরিমাণ হাইভোল্টেজ হবে কী না, এমন প্রশ্নের জবাবে ওসি বললেন, বিষয়টি নিশ্চিত হবার জন্য পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলেও মন্তব্য করলেন তিনি।




















