বিশ্বম্ভরপুরে অবৈধ বালু উত্তোলন: ৪ জন গ্রেপ্তার, জব্দ ৪০ লাখ টাকার নৌকা
- আপডেট সময়ঃ ০৮:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
১৫ আগস্ট ২০২৬
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে রুপসা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালুভর্তি চারটি স্টিলবডি নৌকা জব্দ করেছে পুলিশ। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা বালু ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ ৩০ হাজার টাকা।
শনিবার (১৫ আগস্ট) বিশ্বম্ভরপুর থানা পুলিশের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মনিরুল হক মুন্সী সঙ্গীয় ফোর্স নিয়ে গত ১৪ আগস্ট বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের গাঘটিয়া গ্রামের আজমান মিয়ার বাড়ির সামনে রুপসা নদীতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের এক হাজার ঘনফুট বালু এবং প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চারটি পুরাতন স্টিলবডি নৌকা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— সোনাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. আবদুল্লা (২১), মো. আলীর ছেলে মো. আক্তার হোসেন (৩৫), ভাদেরটেক (মনিপুরহাটি) গ্রামের মো. কুদ্দুছ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) এবং সোনাপুর গ্রামের মো. রবি মিয়ার ছেলে মো. সৌরভ মিয়া (১৯)।
এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানার মামলা নং-১৭ (১৪ আগস্ট ২০২৬), জিআর নং-১৯৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, গ্রেপ্তারকৃত চার আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন, মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




















