রাজনীতি
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগ
- আপডেট সময়ঃ ১২:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ২২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা সাদিক কায়েমের খাগড়াছড়িস্থ পৈতৃক নিবাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
পোস্টে তিনি উল্লেখ করেন, “তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তারা সব সীমা অতিক্রম করছে। তাদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল তাঁর বিবৃতিতে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি এবং স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা রয়েছে, যার তীব্র নিন্দা জানাচ্ছি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে চলমান হামলা ও নাশকতার চেষ্টা প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে বলে তিনি সতর্ক করেন।
বিবৃতির শেষে মিয়া গোলাম পরওয়ার সাদিক কায়েমের বাড়িতে হামলার ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।



















