সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সাংগঠনিক কর্মসূচি পর্যবেক্ষকের দায়িত্ব পেলেন যুবদল নেতা- মাহবুবুর রহমান
- আপডেট সময়ঃ ০৩:০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ২২ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাংগঠনিক কর্মসূচি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়।
শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান ২১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী ঘোষিত বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণের জন্য জেলা ও মহানগর পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সার্বিক সাংগঠনিক কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান।
নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট দুই জেলার যুবদলের ইউনিটসমূহের কার্যক্রম, কর্মিসভা, প্রচারণা ও অন্যান্য সাংগঠনিক তৎপরতা পর্যবেক্ষণ করবেন তিনি। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, মাহবুবুর রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃত্বের এই উদ্যোগকে স্থানীয় নেতাকর্মীরা ইতিবাচক হিসেবে দেখছেন।



















