জেলা ছাত্রদল
১৪ সদস্যের কমিটিতে সভাপতি-সহ ৫ নেতা বিবাহিত, উঠেছে অভিযোগ
- আপডেট সময়ঃ ০৩:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ৬৯ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ২২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটি প্রকাশের পরপরই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সংগঠনের অভ্যন্তরে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ অন্তত পাঁচজন শীর্ষ নেতার বিরুদ্ধে বিবাহিত ও সন্তানের জনক হওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন খোদ সংগঠনেরই স্থানীয় নেতাকর্মীরা।
গত শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে যাদের বিরুদ্ধে অভিযোগ:
নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রদলের একাধিক নেতাকর্মী দাবি করেছেন, নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদ বিবাহিত এবং তার আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। এ ছাড়া কমিটির আরও চারজন গুরুত্বপূর্ণ পদধারী নেতার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে:
•সাইমুজ্জামান মিশা (সহসভাপতি): তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক বলে অভিযোগ রয়েছে।
•মাহবুবুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক): তার বিরুদ্ধেও বিবাহিত হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।
•আরাফাত হোসেন (সাংগঠনিক সম্পাদক): তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা বলে জানা গেছে।
•রাশিদুল ইসলাম (প্রচার সম্পাদক): তার বিরুদ্ধে বিবাহিত হওয়া এবং এক ছেলে ও এক মেয়ের জনক হওয়ার অভিযোগ উঠেছে।
ঘোষিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা:
১৪ সদস্যের এই আংশিক কমিটিতে অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন— সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম; সহসভাপতি সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান; যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক রাশিদুল ইসলাম।
পূর্বের কমিটি বিলুপ্তির প্রেক্ষাপট:
এর আগে চলতি মাসের ১ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের তৎকালীন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় সংসদ। তৎকালীন সভাপতি শাহাজান খানের ছেলে এইচএসসি পাস করেছেন—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে ওই কমিটি ভেঙে দেওয়া হয়। বিলুপ্ত সেই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মোমিন মালিতা। পূর্বের কমিটির মতোই নতুন কমিটিতেও বিবাহিত ও সন্তানের বাবাদের স্থান পাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
সংশ্লিষ্টদের বক্তব্য:
বিবাহিত হওয়া ও সন্তান থাকার অভিযোগের বিষয়ে জানতে নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে সংক্ষেপে বলেন, “ভাই, আমি মিছিলে আছি।”
এ প্রসঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটিতে কেউ বিবাহিত রয়েছেন বলে তার জানা নেই। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অর্থাৎ কমিটির কোনো সদস্য বিবাহিত কিংবা সন্তানের জনক প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শনিবার রাতে মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, “নতুন কমিটির কেউ বিবাহিত কি না, সে বিষয়ে আমি অবগত নন। তবে ছাত্রদলে বর্তমানে বিবাহিত হওয়ার বিষয়টি কিছুটা শিথিল বলা যায়। কমিটির কোনো সদস্যের সন্তান রয়েছে কি না, সেটিও আমার জানা নেই।” কমিটি গঠনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে এবং যথাযথ যাচাই-বাছাইয়ের পরই এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি।



















