প্রতিবাদ মিছিল
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ
- আপডেট সময়ঃ ০৪:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে।
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ ।। ২২ নভেম্বর ২০২৬
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা শাখা। রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আলফাত স্কয়ার পয়েন্টে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে জেলা ও জেলার বিভিন্ন উপজেলা এবং পৌর ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলফাত স্কয়ারে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সজাগ ও সংগঠিত থাকার আহ্বান জানান তারা।
পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, ওমর ফারুক ও সামছুর রহমানসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
এ ছাড়া কর্মসূচিতে জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যদের পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, দিরাই, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং পৌর শাখার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।



















