সাফল্যের শিখরে তাহিরপুরের রিয়ান: নিউজিল্যান্ড হাইকোর্টে পেলেন তালিকাভুক্তি
- আপডেট সময়ঃ ০৭:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক:
১৮.০৭.২০২৬ ইং
সুনামগঞ্জের সন্তান মিসকাওয়াত হোসেন রিয়ান নিউজিল্যান্ডের হাইকোর্টে ‘ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর’ হিসেবে আনুষ্ঠানিকভাবে এনরোলড (তালিকাভুক্ত) হয়েছেন। শুক্রবার তিনি ওই কোর্টে তালিকাভুক্ত হন।
মিসকাওয়াত হোসেন রিয়ান তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট ব্যবসায়ি মো. মজিবুর রহমান এবং মাতা আম্বিয়া বেগম।
তিনি ২০১৫ সালে বাংলাদেশের সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে কৃতিত্বের সাথে মাধ্যমিক এবং ২০১৭ সালে একই প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন ।
উচ্চশিক্ষার জন্য তিনি নিউজিল্যান্ডে পাড়ি জমান এবং দেশটির খ্যাতনামা ‘দ্য ইউনিভার্সিটি অব ওয়াইকাটো’ থেকে ২০২৪ সালে আইন বিষয়ে সম্মানসহ ‘ব্যাচেলর অব লজ’ ডিগ্রি অর্জন করেন। আইন পড়ার পাশাপাশি তিনি মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে মাইনর সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২৬ সালে নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় আইনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘দ্য কলেজ অব ল’ থেকে সাফল্যের সাথে ‘বার অ্যাট ল’ বা প্রফেশনাল লিগ্যাল স্কিলস কোর্স সমাপ্ত করেন।
নিউজিল্যান্ডের সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে স্বীকৃতি পাওয়ায় মিসকাওয়াত হোসেন রিয়ান মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং তাঁর বাবা—মা, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে আইন পেশায় নিয়োজিত থেকে মানবসেবা এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।





















