সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম
- আপডেট সময়ঃ ০৫:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
০৬ আগস্ট ২০২৬
সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।
সম্প্রতি অনুষ্ঠিত সিলেট রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম।
দিরাই থানায় দায়িত্ব পালনের সময় তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই অর্জনে দিরাই থানার পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের নাগরিকরা ওসি মো. আমিনুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি আরও সমুন্নত রাখবেন।




















