শান্তিগঞ্জে চার লেন সড়কের নির্মাণকাজে ধীরগতি, ধুলায় দুর্ভোগে স্থানীয়রা
- আপডেট সময়ঃ ০২:৫৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২৮ সেপ্টেম্বর ২০২৬
শান্তিগঞ্জে দুই কিলোমিটার চার লেন সড়ক নির্মাণকাজ চললেও বিভিন্ন অংশে অগ্রগতি তুলনামূলক কম। নির্মাণকাজের কারণে সড়কে ধুলাবালি উড়ে আশপাশের দোকানপাট ও বসতবাড়িতে পড়ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নির্মাণকাজের কারণে ব্যবসা পরিচালনায় সাময়িক অসুবিধা হচ্ছে। যানবাহন চলাচলের সময় ধুলাবালি দোকানে প্রবেশ করায় পণ্যসামগ্রী সংরক্ষণ ও স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা ব্যাহত হচ্ছে। তবে চার লেনের কাজ শেষ হলে সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতি হবে বলে আশা করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত নির্মাণকাজ শেষ করার পাশাপাশি কাজ চলাকালে নিয়মিত পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণ এবং যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪–২৫ অর্থবছরে প্রকল্পটির জন্য ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। সড়ক ও জনপথ বিভাগের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেড। গত বছরের অক্টোবর থেকে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।
ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সাকিব আল হাসান বলেন, “আমরা নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করছি।”
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আতাউর রহমান বলেন, “শান্তিগঞ্জের দুই কিলোমিটার চার লেন সড়কের কাজ নান্দনিক ও দৃষ্টিনন্দনভাবে হচ্ছে। আমরা নিয়মিত কাজের তদারকি করছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।”










