বিজ্ঞপ্তি
নম্বরপ্লেট নিয়ে বড় সুখবর, স্বস্তিতে মোটরসাইকেলচালকরা
- আপডেট সময়ঃ ১২:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে। এর আগে ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও, মালিকদের সুবিধার্থে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সামনে সঠিকভাবে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এর আলোকে নির্ধারিত শর্ত মেনে নিজ ব্যবস্থাপনায় মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগিয়ে নেওয়ার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়মাবলি:
বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের ধরণ অনুযায়ী নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও ফন্টের নির্দেশনা দেওয়া হয়েছে:
স্কুটার জাতীয় মোটরসাইকেল: স্কুটারের ক্ষেত্রে ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। এতে অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
অন্যান্য মোটরসাইকেল: স্কুটার ব্যতীত সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
মেনে চলতে হবে যেসব আবশ্যিক শর্ত:
বিআরটিএর নির্দেশিকা অনুযায়ী নম্বরপ্লেট তৈরির ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে:
১. নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
২. নম্বরপ্লেটের পটভূমি (ব্যাকগ্রাউন্ড) সাদা রঙের হতে হবে এবং তার ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
৩. নম্বরপ্লেটের ওপর কোনো ধরনের অতিরিক্ত শোভাবর্ধন বা নকশা করা যাবে না।
৪. স্কুটার ছাড়া অন্য সব মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯)।
নির্ধারিত সময়ের মধ্যে বিআরটিএর এই নির্দেশনা মেনে সংশ্লিষ্ট সব মোটরসাইকেল মালিকদের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।




















