সুনামগঞ্জের দিরাইয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
- আপডেট সময়ঃ ০২:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৪৭ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১১ নভেম্বর ২০২৬
সুনামগঞ্জের দিরাইয়ে বসতঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তন্নি দাস (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তন্নি দাস ওই গ্রামের সজল দাসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে পূজা-অর্চনা করেন তন্নি। পূজা শেষে পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজের বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও দরজা না খোলায় তার মা বাইরে থেকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি জান দিয়ে উঁকি দিয়ে তন্নিকে ঘরের তীরের সঙ্গে ঝুলতে দেখেন।
মায়ের আত্মচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নাজিয়া মানালুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















