কুষ্টিয়ার নারী এমপির বাড়িতে আগুন পেট্রোল বোমায় নয়, শর্ট সার্কিটে হতে পারে: সংসদে -স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময়ঃ ০৬:৪৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট:
সুনামগঞ্জ ।। ১২ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, পরিত্যক্ত ওই পুরোনো বাড়িটির দুর্বল ইলেকট্রিক ওয়্যারিং থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে নাশকতার কোনো প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তোলা অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
ঘটনার বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে (সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরটি অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য ছিল; এর ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তার বাবা-মা বসবাস করেন। ওই টিনশেড ঘরটিতে কেউ থাকতেন না, তবে সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে।
প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ৯৯৯-এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি), থানার ওসি এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দল। এ ছাড়া তিনি নিজে কথা বলে আজ সকালে জেলা পুলিশ সুপারকেও (এসপি) ঘটনাস্থলে পাঠিয়েছেন।
ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যেহেতু এটি একজন সংসদ সদস্যের অধিকারভুক্ত বাড়ি, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিজিবি, ফায়ার ব্রিগেড, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টিম বিষয়টি তদন্ত করছে।
অধিবেশনে বিজিবির সংক্ষিপ্ত প্রতিবেদন পাঠ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থলের আলামত, স্থানীয় ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে মূল্যায়ন করা হয়েছে যে, সেখানে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন মেলেনি এবং কোনো সাক্ষীও এ ধরনের তথ্য দেননি। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি।
ঘটনাস্থলের দেয়ালসহ সব কিছুর ছবি ও অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্ত আলামত ও ছবি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়ায় এর ইলেকট্রিক ওয়্যারিং অত্যন্ত দুর্বল ছিল। এটি অনেকটা বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনা বলেই প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া যাচ্ছে। তবে এটি অনুমাননির্ভর; চূড়ান্ত তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।
ইতোমধ্যে এ ঘটনায় দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩, তারিখ-১২/১১) নথিভুক্ত হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেন, অধিকতর তদন্তে যদি কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে সরকার সে অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
~সূত্র : আমার দেশ।




















